রাঙামাটির লংগদুতে বিশেষ অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বগাচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—বগাচত্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (২৫), পিতা আরজ আলী এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রহিম (২৮), পিতা মৃত শাহ আলম।
পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বগাচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশের দাবি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে সম্ভাব্য নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
লংগদু থানা পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
