ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গ্রাহককে পেট্রোল, ডিজেল ওজনে কারচুপির দায়ে মিলেনিয়াম ফিলিং স্টেশন লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পাম্পে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে ফুলবাড়িয়া থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রাহককে পেট্রোল, ডিজেল ওজন ও পরিমাপে কম দেওয়ায় মিলেনিয়াম ফিলিং স্টেশন লিমিটেডে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, ওজন ও পরিমাপের ক্ষেত্রে অনিয়মের দায়ে পাম্পটির স্বত্বাধিকারীকে আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
