ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য সকাল থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বুধবার (২১ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি শুরু হবে। চলবে ২৭ মে পর্যন্ত। এবারও টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে।
রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধু লগইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।
ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওইদিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া, ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে।
