বাংলাদেশে রেটিনা ও ভিটরিয়া জনিত রোগ মোকাবিলায় চিকিৎসক ও গবেষকদের সমন্বয়ে রাজধানীতে শুরু হয়েছে Bangladesh Vitreo Retina Society (BVRS) International Conference 2025। দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঢাকার একটি অভিজাত হোটেলে, যেখানে দেশি-বিদেশি শীর্ষ চক্ষু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
২১-২২ সেপ্টেম্বর আয়োজিত এই সম্মেলনের শিরোনাম রাখা হয়েছে “RETIMEET 2025 / 7th BVRS Conference”। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান রেটিনা বিশেষজ্ঞরা যোগ দেন। সম্মেলনে থাকবে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন, সার্জিক্যাল ওয়ার্কশপ, ইন্টার্যাক্টিভ সেশন এবং তরুণ চিকিৎসকদের গবেষণা উপস্থাপনার সুযোগ।
BVRS নেতৃবৃন্দ জানান, বাংলাদেশে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনসহ নানা জটিল চক্ষু রোগ দ্রুত বাড়ছে। ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা যত বাড়ছে, অন্ধত্বের ঝুঁকিও তত বাড়ছে। এ কারণে উন্নত চিকিৎসা, প্রশিক্ষণ ও গবেষণা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
সম্মেলনের বক্তারা বলেন, সঠিক সময়ে চোখের রোগ শনাক্ত করা গেলে অন্ধত্বের মতো ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষ্যে দেশব্যাপী স্ক্রিনিং প্রোগ্রাম, জেলা পর্যায়ে রেটিনা ইউনিট গড়ে তোলা, এবং তরুণ চিকিৎসকদের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করার উপর জোর দেন তারা।
সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বে চোখের সেবা সম্প্রসারণে BVRS ২০২৫ সম্মেলন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
