চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একের পর এক চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গত ৩০ নভেম্বর বিদ্যালয়টি বন্ধ থাকাকালীন রাতে বিদ্যালয়ের বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রধান শিক্ষক অভিযোগে উল্লেখ করেন, বিদ্যালয়ের গ্রিল ভেঙে দুর্বৃত্তরা পানির পাম্প, এসির কভার, বিদ্যালয়ের ঘণ্টা, সোলার ব্যাটারি, দরজার তালা ও আলমারির তালা সহ অন্তত ছয় ধরনের সামগ্রী নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩৮ হাজার টাকা বলে ধারনা করা হচ্ছে।
ঘটনার পর বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটি এবং আশপাশের এলাকাবাসীকে বিষয়টি অবহিত করা হলেও এখনও কোনও চিহ্নিত অগ্রগতি পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিদ্যালয়ের পেছনের অংশে দুটি দরজার গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দাখিল করে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন। অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের ক্রমাগত চুরি-ছিনতাইয়ের ঘটনায় শিক্ষকদের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তদন্তের মাধ্যমে চুরি হওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে আনোয়ারা থানা (ওসি) জানান,এগুলি ছিটকে চোর,রাতে গ্রাম পুলিশের পাহারা বাড়াতে হবে।অভিযোগ এর ভিত্তিতে আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।আইনগত ব্যাবস্থা অবশ্যই নেয়া হবে।
