চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে আজ বুধবার চন্দনাইশ সিভিল সোসাইটি-চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘ত্রৈমাসিক চন্দনাইশ’-এর মোড়ক উন্মোচন ও চন্দনাইশ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা চন্দনাইশ উপজেলার টেকসই উন্নয়নে মেগা পরিকল্পনা গ্রহণ এবং কৃষি ও কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, চন্দনাইশের মানুষের ভাগ্য দ্রুত বদলে দিতে কৃষি সম্প্রসারণ ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
তারা বলেন, “আমরা একটি শক্তিশালী প্রেসার গ্রুপ হিসেবে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরকে জনবান্ধব ও দায়িত্বশীল রাখতে কাজ করে যাব। ত্রৈমাসিক চন্দনাইশ তখনই সফল হবে, যখন এটি সাধারণ মানুষের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখবে।”
বক্তারা আরও উল্লেখ করেন, চন্দনাইশের অবহেলা, দুর্নীতি ও বিদ্যমান সংকটের বিরুদ্ধে কথা বলা এবং প্রতি তিন মাসে সত্য রিপোর্ট ও সমাধানের সূত্র তুলে ধরাই এই সংগঠনের মূল অঙ্গীকার।
ত্রৈমাসিক চন্দনাইশ-এর সম্পাদক জমির উদ্দিন ও মুখপাত্র তানভীর আহমেদ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: প্রফেসর এম এ গফুর, প্রাক্তন চেয়ারম্যান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অভীক উসমান, পরিচালক, থিয়েটার ইনস্টিটিউট।
এম আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কর্পোরেশন।
এম এ হাশেম, পরিচালক, মেট্রোপলিটন মেডিকেল।
মীর জামিল আকতার, সাবেক ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, বিটিভি।
আবু তালেব বেলাল, অধ্যক্ষ, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
দেলোয়ার হোসেন, সভাপতি, চন্দনাইশ প্রেস ক্লাব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দোহাজারী নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ জায়নুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার এবং চন্দনাইশ সিভিল সোসাইটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুদ্দীন (হিরু)।
অনুষ্ঠানে ‘ত্রৈমাসিক চন্দনাইশ’-এর সহ-সম্পাদক খান আইয়্যুব, মহিউদ্দীন কাদের, আসিবুর রহমান আসিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চন্দনাইশের সার্বিক মঙ্গল কামনা ও সম্মিলিত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
