উপমহাদেশের কিংবদন্তি চক্ষু বিশেষজ্ঞ ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণে চট্টগ্রামে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাইগারপাসের নেভি কনভেনশন সেন্টারে বিএনএসবি ও সিইআইটিসি যৌথভাবে এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন,
“অধ্যাপক ডা. রবিউল হোসেন চক্ষু চিকিৎসা সেবায় এক উজ্জ্বল নক্ষত্র ও মহান কর্মবীর। দেশের লাখো মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে তিনি মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।”
প্রতিমন্ত্রী আরও বলেন, রবিউল হোসেন নিজের নামে কোনো প্রতিষ্ঠান করেননি; বরং নিঃস্বার্থ সেবার এক অনন্য উদাহরণ রেখে গেছেন। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার এবং এসব প্রতিষ্ঠানকে অপশক্তির কবল থেকে সুরক্ষার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ডা. রবিউল হোসেনের জীবন ও কর্ম একটি মানবিক সমাজ গঠনের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।
সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ এম অহিদুল আলমের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন দেশের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
