বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি (চট্টগ্রাম সাংগঠনিক বিভাগ)-এর উদ্যোগে ‘অপ্টোমেট্রিক কনফারেন্স ও সায়েন্টিফিক সেমিনার ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর হোটেল সেন্ট মার্টিন লিমিটেডে দিনব্যাপী এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিশিষ্ট অপ্টোমেট্রিস্ট ও গবেষকগণ সায়েন্টিফিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সংগঠনের সভাপতি মো. দিদারুল ইসলাম বলেন, চক্ষু চিকিৎসকের সহায়ক অপ্টোমেট্রিস্ট। অপ্টোমেট্রিস্টরা কখনো ডাক্তারের বিকল্প নয় বরং ডাক্তারের সহায়ক। আমাদের কাজের পরিধি ভিন্ন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। অপচিকিৎসা কখনো বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি (বিওস) সমর্থন করে না। পুরা বিশ্বে এই পেশাটি স্বীকৃতি পেলেও আমাদের বাংলাদেশে পিছিয়ে আছে। তাই অতি দ্রুত অপ্টোমেট্রিক কাউন্সিল গঠনের বিষয়টি সরকার আমুলে নিয়েছে।
তিনি আরো বলেন, স্বাধীন কাউন্সিল গঠনে মাননীয় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন। অতিসত্বর আমরা একটি লক্ষ্য পৌঁছাতে পারবো বলে আশাবাদী।
এ সময় প্রেজেন্টার ও বক্তাদের মধ্যে ছিলেন সাউথ এশিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন সুমন, চট্টগ্রাম আই ইনফারমারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সের অপ্টোমেট্রিস্ট এমদাদুল হক এবং শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের অপ্টোমেট্রিস্ট ফাহমিদা আক্তার, মাহির ফাইয়াজ ও নুশুরা ইয়েসমেন।
অনুষ্ঠানে চোখের স্বাস্থ্যসেবা, আধুনিক অপ্টোমেট্রি বিজ্ঞানের অগ্রগতি এবং নতুন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অপসোনিন ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আয়োজিত এই সেমিনারে বিপুলসংখ্যক অপ্টোমেট্রি বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মী অংশ নেন।
