back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে নিরাপদ সড়ক দিবস পালিত, ভুমি প্রতিমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন ৪ চালক

নিজস্ব প্রতিবেদক

সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য রোড-শো ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি দায়িত্বশীল ও দক্ষতার সঙ্গে গাড়ি চালানোর স্বীকৃতিস্বরূপ চারজন চালককে সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, চট্টগ্রাম ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রামের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”।

সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হয় সচেতনতামূলক রোড-শো। এতে চালক, পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রোড-শোতে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঁঞা এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্ঘটনা কমানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রামের চারজন নির্বাচিত দক্ষ চালককে সম্মাননা প্রদান। সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি জানানো হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ চালকদের মধ্যে নিরাপদে গাড়ি চালানোর আগ্রহ বাড়ানোর পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme