চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও পণ্য পরিবহন ডিপোতে এ অভিযান চালানো হয়।
অভিযানে যানবাহনের ফিটনেস, রুট পারমিট, পার্কিং এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে ১৫টি মামলা দায়ের করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় চালক ও গাড়ির মালিকদের সতর্ক করে ভবিষ্যতে সড়ক পরিবহন আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
[the_ad id="407"]
সীতাকুণ্ডে বিআরটিএর অভিযান, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
