নওগাঁর মান্দায় অবৈধ চোলাইমদ সেবন ও জুয়ার আসরে জড়িত থাকার অভিযোগে উপজেলা মৎস্য অফিসের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় কিলো-৬ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের শ্রী নিশীথ হাওলাদারের বাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ চোলাইমদ সেবন করে মাতলামি করছেন। পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার চক উদয়নারায়ণ গ্রামের মজিবর রহমানের ছেলে রেজাউল করিম (৩৮), দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারী পলাশ কুমার (৩৮)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
