ইপিজেড ও পতেঙ্গা এলাকায় দ্রুত ওয়াসার পানির লাইন স্থাপন এবং নিয়মিত পানি সরবরাহ চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।
তিনি বলেন, ইপিজেড ও পতেঙ্গার মতো গুরুত্বপূর্ণ শিল্প ও আবাসিক এলাকায় এখনো ওয়াসার পানির লাইন স্থাপন না হওয়া দুঃখজনক। দীর্ঘদিন ধরে এসব এলাকার বাসিন্দারা সুপেয় পানির সংকটে রয়েছেন। তাই আর কালক্ষেপণ না করে দ্রুত পানির লাইন স্থাপন ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসীর ক্ষোভ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রামের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের আমির মো. ইউসুফ। ওয়ার্ড সেক্রেটারি মো. বেলালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পতেঙ্গা থানা জামায়াতের নায়েবে আমির ড. আব্দুল মোতালেব ও থানা সেক্রেটারি মাওলানা বেলাল হাছন।
সভায় বক্তারা উত্তর পতেঙ্গাসহ আশপাশের এলাকার নাগরিক সমস্যা, সুপেয় পানির সংকট এবং হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত ওয়াসার পানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
