নিষিদ্ধ ছাত্রলীগের বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।
বুধবার (১১ নভেম্বর) নগরীর আন্দরকিল্লা মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে টেরিবাজার ও জামালখান এলাকা প্রদক্ষিণ করে চকবাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, বোমাবাজি ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।
