back to top

[the_ad id="407"]

সরকারি চাকরিতে ৪,৭৩০০১ টি শূন্য পদ পূরণের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার ১টি শূন্য পদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, বর্তমানে সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১টি। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিপিএসসি শুধু প্রথম শ্রেণির এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে থাকে। অনুমোদিত অন্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীনস্ত দপ্তর/সংস্থা/করপোরেশন/কোম্পানি পূরণ করে থাকে।

গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করছে। দেশে বিপুল সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

এ অবস্থায় মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে অনুমোদিত শূন্য পদগুলো বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

শূন্য পদ পূরণে এরইমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেসব তথ্য ওয়ার্ড ফাইলসহ চিঠি পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme