সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন আইনজীবী মো. আমিমুল এহসান জোবায়ের। গত ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি করা হয়েছে।
প্রতিবেদনের একাংশে বলা হয়েছে, বিচার বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তার অনেকেই অবৈধ উপায়ে ‘শত শত কোটি টাকার’ মালিক হয়েছেন। কেউ কেউ আবার ‘হাজার কোটি টাকার’ মালিক।
রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের।
