অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করা যায় না। দাম বাড়লে খবর হয় কিন্তু কমলে সেটা বলা হয় না।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন– বাজার এমন একটা বিষয়, যেখানে একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে। তবে সরকার জনগণের জন্য কাজ করছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করায় দেশের বাজারেও সব পণ্যের দাম একসঙ্গে কমে না।
তিনি বলেন, ধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ঘন ঘন বৈঠক করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেয়া হচ্ছে। বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মসুর ডাল, তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
