পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় প্রধান উপদেষ্টা জানান, “পুলিশকে ২৪ এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে। মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।”
এ সময় নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার বক্তব্য তার কার্যালয়ের সভাকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। মতমিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন।
