খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ তারই অংশ হচ্ছে ল্যাবরেটরি৷ এর মাধ্যমে নিরাপদ খাদ্য কার্যক্রম আরো সম্প্রসারিত করতে পারব৷”
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিনি ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “আমি আশা করি, নিরাপদ খাদ্য যাতে সবাই পায়, খাদ্যের জন্য যাতে কারো স্বাস্থ্যগত সমস্যা না হয়, সেদিকে আমরা আরো নজর দিতে পারব৷”
তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। বর্তমান সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য কাজ করবে বলেও আশা ব্যক্ত করেন উপদেষ্টা।
এই মিনি ল্যাবে শুঁটকি মাছে কীটনাশকের উপস্থিতি, শাকসবজি ও ফলমূলে বালাইনাশকের উপস্থিতি ও মাত্রা, পাউরুটিতে ক্ষতিকর পটাসিয়াম ব্রোমেটের উপস্থিতি ও মাত্রা, খাদ্যদ্রব্যে ভারী ধাতু নির্ণয়, খাদ্যে কৃত্রিম রঙের উপস্থিতি, পানিতে বিদ্যমান মিনারেলের উপস্থিতি, দুধে অ্যান্টিবায়েটিক রেসিডিউর উপস্থিতি, মধুতে টক্সিকের উপস্থিতি ও মাত্রা, খাদ্যপণ্যে মাইক্রোবস শনাক্তকরণ, শিশু খাদ্যে বিদ্যমান ল্যাকটোজেন নির্ণয়, খাদ্যে সালমোনেলা, কলিফর্মসহ অন্যান্য ব্যাকটেরিয়ার উপস্থিতি ও পরিমাণ নির্ণয়সহ অন্যান্য পরীক্ষা যথাযথভাবে করা যাবে।
এর আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন করেন আলী ইমাম মজুমদার।
আটটি বিভাগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আটটি মোবাইল ল্যাব আছে। এর মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা সম্ভব৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া।
