জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা কম থাকবে। এছাড়াও এই মাসে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৃস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশে কোথাও কোথাও দিনে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।
তবে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে তাপমাত্রা আরো কমতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
তিনি বলেন, “জানুয়ারি বাংলাদেশের শীতলতম মাস। এ সময় তাপমাত্রা অনেক কমে যায়। এ বছরও জানুয়ারিতে তাপমাত্রা কম থাকবে। হয়ত দুই-তিনটা মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি তীব্র শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। সেক্ষেত্রে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা ৪-৫ ডিগ্রিতেও নেমে যেতে পারে।”
আবহাওয়া বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। দুপুর পর্যন্ত পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে।
