চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে দায়ের করা মামলার আসামি মহানগর যুবলীগ নেতা মো. এরশাদ আলম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর চান্দগাঁও শংকর দেওয়ানজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. এরশাদ আলম (৪০) উত্তর চান্দগাঁও বেপারি পাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। তিনি চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় এরশাদ চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় হামলায় জড়িত ছিলেন। তার জড়িত থাকার সপক্ষে বিভিন্ন ছবি ও ফুটেজ রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজে আসছিলাম।
তিনি আরও বলেন, গত বছরের ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় করা একটি হত্যা মামলার আসামি এরশাদ। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
