ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এ যোগ দিতে দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে একথা কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।
তিনি বলেন, আগামী ১১-১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণ পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলন অংশগ্রহণ করবেন মর্মে সম্মতি প্রদান করেছেন।
রফিকুল আলম বলেন, এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারিত্ব ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে প্ল্যাটফর্মটির উদ্যোগ অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টার সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে।
