back to top

[the_ad id="407"]

বৃহত্তর চুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে গোপন বৈঠক ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলার সাম্প্রতিক সময়ে কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। বুধবার (৫ মার্চ) দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ আলোচনা ‘অভূতপূর্ব’ ঘটনা। কারণ দেশটি এর আগে কখনো সশস্ত্র এ গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি। ১৯৯৭ সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী দলটিকে ‘সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায়’ রেখেছে মার্কিন সরকার।

এই আলোচনার লক্ষ্য হলো হামাসের কাছে বন্দি থাকা মার্কিন জিম্মিকে মুক্ত করা। এছাড়া সঙ্গে দীর্ঘ যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হচ্ছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। যেটির লক্ষ্য হলো সব জিম্মিকে মুক্ত করা এবং গাজায় যুদ্ধ বন্ধ করা। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এক্সিউসকে জানিয়েছে, আলোচনা চললেও হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের চুক্তি এখনো হয়নি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকোফের মঙ্গলবার কাতারে যাওয়ার কথা ছিল। সেখানে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতো। কিন্তু ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি তার সফরটি বাতিল করেছেন।

এক্সিওস জানিয়েছে, গাজা ইস্যুতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ ভিন্ন। কারণ ট্রাম্প বারবার হুমকি দিয়ে আসছেন যে, হামাসের জন্য ‘নরকের দরজা খুলে’ দেবেন এবং গাজা দখল করবেন। এছাড়া ইসরায়েলকে না জানিয়ে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা ট্রাম্প প্রশাসনের আরেকটি ভিন্ন পদক্ষেপ, যা পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলোতে কখনো ঘটেনি।

হামাসের কাছে এখনো ৫৯ জিম্মি রয়েছে। যার মধ্যে ৩৫ জনই মারা গেছে বলে ধারণা দখলদার ইসরাইলের। এই ৫৯ জিম্মির মধ্যে একমাত্র মার্কিন জীবিত জিম্মি হলেন ২১ বছর বয়সী ইডান-আলেক্সান্ডার। তাকে মুক্ত করতেই মূলত আলোচনা চালাচ্ছে মার্কিন প্রশাসন। সঙ্গে যুদ্ধ বন্ধ করারও চেষ্টা চলছে।

গত শনিবার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের ৪২ দিনের মেয়াদ শেষ হয়েছে। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে সমঝোতা না হওয়ায় ওইদিন থেকেই গাজা উপত্যকায় সব ধরনের খাদ্য পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

এদিকে, হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বুধবার বিকেলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, হামাস প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনায় বসেছেন। তবে আলোচনার বিস্তারিত বিষয় সম্পর্কে জানাতে লিভিট অসম্মতি প্রকাশ করেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme