back to top

[the_ad id="407"]

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৯ মার্চ) সকালে তিনি সিএমএইচে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এসময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে, সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।’

অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে। নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবেন। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

এর আগে ঘটনার দিন (৬ মার্চ) দুপুরে বিষয়টি জানতে পরে উপদেষ্টা শিশুটির মাকে ফোন দিয়ে শিশুটির খোঁজখবর নেন ও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দেন।

শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme