রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, শাহবাগ ও নিউমার্কেট থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১০ মার্চ) ভোরে থানা তিনি এই চারটি থানা পরিদর্শন করেন।
এসময় উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা-সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরো তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।
পথে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি চেকপোস্ট/তল্লাশিচৌকি পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। তাছাড়া তিনি যৌথ বাহিনীর কয়েকটি টহল দলের কার্যক্রম মনিটরিং করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রমজানে থানাসমূহ সঠিকভাবে ফাংশন করছে কিনা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ রয়েছে কিনা এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা- তা দেখতেই এ পরিদর্শন।
তিনি বলেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে; যারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করছে; যারা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।
