back to top

[the_ad id="407"]

মারা গেছেন অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী

ডেস্ক রিপোর্ট

বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩১ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে সৈয়দ মঞ্জুর এলাহী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

এই তথ্য নিশ্চিত করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। তিনি জানান, সৈয়দ মনজুর এলাহীর মরদেহ আজ ঢাকায় আনার চেষ্টা করছে পরিবার।

প্রসঙ্গত, সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৭২ সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসায় নামেন তিনি। চার বছর পর ১৯৭৬ সালে ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও ১৪ বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষস্থানীয় জুতা রফতানিকারক প্রতিষ্ঠান।

তিনি ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন তিনি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme