back to top

[the_ad id="407"]

ফের ৩ দিনের রিমান্ডে পলক

ডেস্ক রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে রিয়াজ হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও একই মামলায় ৪ দিনের রিমান্ড দেওয়া হয়েছে দুই ছাত্রলীগ নেতাকে। তারা হলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্য সেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।

আদালতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রিয়াজ। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের মা শাফিয়া বেগম।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৭ আগস্ট বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme