অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চারদিনের সফরে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-৫৮৬) এ ঢাকায় আসবেন তিনি। ফ্লাইটটি বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে অভ্যর্থনা জানাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করবেন জাতিসংঘ মহাসচিব।
বৈঠকের পর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম তাকে স্বাগত জানাবেন। এদিন কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। এ অনুষ্ঠান চলাকালে দুই নেতা রোহিঙ্গা ইমাম এবং সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করবেন।
ইফতারের আগে মহাসচিব ক্যাম্পের বেশ কয়েকটি সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন, যার মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার, মাল্টিপারপাস সার্ভিস সেন্টার এবং একটি পাট উৎপাদন স্থাপনা। তিনি রোহিঙ্গা যুবক ও শিশুদের সাথেও কথা বলবেন। সন্ধ্যায় ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফিরে আসবেন গুতেরেস।
সফরের তৃতীয় দিন শনিবার ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন জাতিসংঘ মহাসচিব। একইদিন তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ওইদিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন গুতেরেস।
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিব সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
