জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শনিবার (১৫ মার্চ) চসিকের সাতটি ইপিআই জোনের আওতায় ৪১ ওয়ার্ডে ১ হাজার ৩২১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ লাখ ৬০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
এর মধ্যে ৬-১১ মাসের ৯০ হাজার শিশুকে একটি করে নীল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাসের ৪ লাখ ৭০ হাজার শিশুকে একটি করে লাল (২ লাখ আইইউ) রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
একই সঙ্গে ক্যাম্পেইন চলাকালে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে গর্ভবতী ও প্রসূতি মাকে বেশি পরিমাণ ভিটামিন-এ সমৃদ্ধ প্রাণিজ খাবার (মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা) ও হলুদ ফলমূল ও রঙিন শাক এবং জন্মের পর এক ঘণ্টার মধ্যে নবজাতককে শাল দুধ ও ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর বার্তা প্রচার করা হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে টাইগারপাসে চসিক সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।
চসিক মেয়র জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চসিক। ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের চসিকের ব্যবস্থাপনায় চসিক পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ এবং অপুষ্টি ও মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য মা, বাবা, অভিভাবকদের প্রতি আহ্বান জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।
