back to top

[the_ad id="407"]

৪ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল ২৫ মার্চ দুপুরে প্রধান উপদেষ্টার চীন ও থাইল্যান্ড সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন জানান, প্রধান উপদেষ্টার চীন সফরকালে দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা বিষয়েও আলোচনা হবে। এছাড়া, দুই দেশের নদী ব্যবস্থাপনার আওতায় তিস্তা ইস্যু নিয়ে আলোচনা উঠতে পারে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। একই দিন তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি একই দিন হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শনের কথা রয়েছে তার।

আগামী শনিবার (২৯ মার্চ) চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে সফর সঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme