আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে নিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কমিশন— এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার তাদের প্রস্তুতির বিষয়ে এমন তথ্য তুলে ধরেন।
নির্বাচন ইস্যুতে সরকারের শীর্ষ পর্যায়ে বৈঠকের ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “শপথ নেওয়ার পর থেকেই আমরা নির্বাচন আয়োজনের বিভিন্ন কাজ শুরু করেছি। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তিসহ বিভিন্ন কাজ এরইমধ্যে শুরু করেছি।”
আনোয়ারুল ইসলাম বলেন, “এখন থেকে আগামী তিন মাসের মধ্যে প্রাক-প্রস্তুতিমূলক কাজ (প্রি-ওয়ার্কগুলো) হয়ে যাবে। এখন আমরা সরকার ঘোষিত টাইমলাইন মাথায় রেখেই এগিয়ে যাচ্ছি; সেটি হচ্ছে ডিসেম্বর।”
দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচন সম্ভব কি না- জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, “আমি বেশকিছু জেলায় ভিজিট করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন, তারা আরো ইমপ্রুভ করবেন। আইনশৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে।”
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে বসবে কমিশন। তফসিল ঘোষণার আগে যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটের আওতায় এনে ভোটের সুযোগ করতে কাজ করছে কমিশন। তবে রাজনৈতিক দল নিবন্ধনের সময় বৃদ্ধির এখনও চিন্তা করছে না ইসি।
“নিবন্ধনের কাজ শেষ করা না হলে নতুন রাজনৈতিক দলগুলোর ভেতরে কষ্ট থাকবে। সেদিক বিবেচনা করে, ইসি সঠিক সময়ে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে,” যোগ করেন আনোয়ারুল ইসলাম।
