back to top

[the_ad id="407"]

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে

ডেস্ক রিপোর্ট

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের ওপর আগামী ৬ মে শুনানি হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালত বলেছেন, সেদিন আপিলটি কার্যতালিকার শীর্ষে থাকবে এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, আইনজীবী শিশির মনির।

আপিল শুনতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আপিল বিভাগে এসেছিলেন। এছাড়া, জামায়াতপন্থি সব আইনজীবীও আদালত কক্ষে উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল। আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme