কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে মাধবপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের বয়স ১৬-১৮ বছরের মধ্যে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল মোল্লা বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী রেললাইনে ভোরের যেকোনো সময় ওই তিনজন ট্রেনে কাটা পড়তে পারেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের নাম–পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
