চট্টগ্রাম নগরীর ইপিজেডে ১৬৮ লিটার বিদেশি মদসহ মোঃ সবুজ মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাঁধ সুইচগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান বলেন, অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া জানিয়েছেন, আলী খাল পাড় থেকে বিদেশি মদ (হুইস্কি) সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন বারে বেশী দামে বিক্রি করতেন তিনি।
সবুজ মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি।
