বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট (BG-3501) ৪১৪ জন হজযাত্রী নিয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবের পক্ষে স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবীসহ অন্যান্য কর্মকর্তা।
বাংলাদেশের রাষ্ট্রদূত হজযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সব সময় হজযাত্রীদের পাশে আছে বলে আশ্বাস দেন। বাংলাদেশি হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালন করবেন।
