এবার ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত রামাত দাভিদ বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।
শুক্রবার (২ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। খবর টাইমস অব ইসরায়েলের।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন, তারা হাইফার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটির দিকে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেই সঙ্গে, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে হাইফা এবং শহরের আশেপাশের এলাকায় শত্রুপক্ষের বিমানের সাইরেন সক্রিয় করা হয়েছিল এবং ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছিল।
