চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারণাকালে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন এনসিপির বাঁশখালী উপজেলার সংগঠক ও ‘জুলাই যুদ্ধে’ আহত শিকদার (২৩)। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের প্রধান সড়কের থানার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা লেয়াকত আলীর নেতৃত্বে একটি মিছিল থেকে তানভির কাদেরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মারেন এবং মাথায় আঘাত করে রক্তাক্ত করেন।
আহত তানভির কাদের শিকদার বলেন, শনিবার সকাল থেকে আমরা ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে এলাকায় প্রচারণা চালাচ্ছিলাম। রাতে হঠাৎ করে গাড়ি থামিয়ে বিএনপির নেতাকর্মীরা আমাকে গাড়ি থেকে নামিয়ে নেয়। এরপর আমাদের ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয় এবং আমাকে বেধড়ক মারধর করে। হামলার পর রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে যাই।
তিনি আরো বলেন, আমি এখানেই একবার গুলিবিদ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম, সেই দুঃসহ স্মৃতি আর ফিরে আসবে না। কিন্তু আজ একই স্থানে আবারও হামলার শিকার হলাম।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক বলেন, “জুলাই পদযাত্রার প্রচারণা চালানোর অপরাধে আমাদের সংগঠক তানভির কাদেরকে মাথা ফাটিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া আমাদের কর্মীদের বাড়িতে বাড়িতে হামলার হুমকি, ব্যানার পোড়ানোসহ নানা ধরনের হুমকিমূলক আচরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাঁশখালীতে শান্তিপূর্ণ রাজনীতি চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। এই ধরনের হামলা আমাদের প্রচেষ্টা থামাতে পারবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
