“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষ্যে বিআরটিএ, চট্ট মেট্রো-১, চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেলের বিভিন্ন সেবা কার্যক্রমের উপর বিআরটিএ নতুনপাড়াস্থ কার্যালয়ে সোমবার (০৪ আগস্ট) বিকাল ৩টায় একটি গণশুনানির আয়োজন করা হয়।
উক্ত গণশুনানিতে বিআরটিএ’তে আগত বিভিন্ন সেবা গ্রহীতাসহ সড়ক পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সেবা গ্রহীতারা বিআরটিএ’র বর্তমান সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও পরিবহন মালিক সমিতি প্রতিনিধিরা চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী জেলাসমূহে ছোট যানবাহনের আধিক্যের কারণে বড় যানবাহন তথা বাস ও মিনিবাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধিরা ২০১৮ সালের সড়ক পরিবহন আইন নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন তৎকালীন ফ্যাসিবাদী সরকারের করা এ আইন পরিবহন শ্রমিকদের জন্য চরম বৈষম্যমূলক আইন । ২০১৮ সালের সড়ক পরিবহন আইনকে তারা কালো আইন উল্লেখ করে তা অবিলম্বে বাতিল করার দাবি জানান।
এই গণশুনানিতে উপস্থিত বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: মাসুদ আলম বলেন, সত্যিকারের বৈষম্যহীন একটি সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সড়ক পরিবহন ও তৎসংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ তৌহিদুল হোসেন, চট্ট মেট্রো-২ সার্কেলের উপ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্ট মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থিসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ।
