আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর অঙ্গসংগঠন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেরাগি পাহাড় মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা এবং দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর বিদেশের মাটিতেও বারবার হামলা হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার প্রমাণ। বক্তারা বলেন, দেশে যেসব মামলায় আসামিদের জামিন দেওয়া হয়েছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে শহীদ পরিবার ও আহতদের হুমকি দিচ্ছে। দেশের ভেতর থেকে শুরু করে বিদেশেও একই ধরণের হামলা ঘটছে, যা উদ্বেগজনক।
বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিবাদের দোসর যারা এখনো রাষ্ট্রযন্ত্রে রয়ে গেছে, তাদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে।”
মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
