ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিজ বাসার গেটের সামনে অবৈধভাবে বসা দোকানের উচ্ছেদ অভিযান চেয়ে উপজেলা প্রশাসনে লিখিত আবেদন করেছেন ডাঃ মোঃ শহীদুল ইসলাম খান। লিখিত আবেদনে জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড পুরাতন গরুহাটায় বটতলা স্থানে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে শহীদুল ইসলামের বাসার প্রধান ফটকের সামনে অনুমোদনহীন ভাবে চায়ের দোকান বসানো হয়েছে যা অবৈধ।
ডাঃ শহীদুল অভিযোগ করে বলেন, এর আগে উপজেলা প্রশাসন দু’বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানটি উচ্ছেদ করেছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারো বসানো হয়েছে দোকান। এতে আমাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই স্থানে দোকান বসানো ও উচ্ছেদের ঘটনা ঘটছে। এতে শুধু সংশ্লিষ্ট পরিবার নয়, আশপাশের এলাকাবাসীর মধ্যেও অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
এবিষয়ে মোঃ আরিফ জানান, এটা অবৈধভাবে আমরা দোকান বসায়নি। এটা মালিকানা জমি। আমাদের কাছে জমির বৈধ কাগজপত্র আছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
