চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে বটতলী মোটরস্টেশনে “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন পরিষদ, ঢাকা”র উদ্যোগে এ কর্মসূচি হয়।
বক্তারা বলেন, এ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক হলেও এর সংকীর্ণতা প্রতিদিন দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হচ্ছে। পর্যটননগরী কক্সবাজারের নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে মহাসড়কটি দ্রুত ৬ লেনে রূপান্তর জরুরি বলে তারা মত দেন।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান। সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ফারুক এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট রেজাউল করিম।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা দ্রুত মহাসড়ক ৬ লেনের সুস্পষ্ট ঘোষণা না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
