চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
রবিবার (৫ অক্টোবর) সকালে সংবাদ সংগ্রহের সময় একদল দুস্কৃতিকারী সাংবাদিকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা দুই সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করে এবং তাদের কাছ থেকে টাকা, ক্রেডিট কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়।
ঘটনার পর এক যৌথ বিবৃতিতে এমআরএ সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, “সাংবাদিকদের ওপর এই ধরনের নগ্ন হামলা মুক্ত গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। গণতান্ত্রিক ও সভ্য সমাজে এমন সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, হামলাকারীরা কোনো রাজনৈতিক আশ্রয় বা প্রশ্রয় যেন না পায়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।
এমআরএ নেতারা আরও বলেন, প্রশাসন দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে বলে তারা আশা করেন। একই সঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান সংগঠনের নেতারা।
বিবৃতিতে সাংবাদিক নেতারা স্থানীয় রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানান, যাতে তারা হামলাকারীদের গ্রেপ্তারে সহায়ক ভূমিকা পালন করে এবং সাংবাদিক নিরাপত্তায় ঐক্যবদ্ধ অবস্থান নেয়।
