ফুলবাড়ীয়া উপজেলার সচেতন জনতার উদ্যোগে মাদক সেবন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ অক্টোবর) বিকেলে চৌদার উত্তরপাড়া আবুল সরকারের খামার এলাকার আন্ধারিয়াপাড়া রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজসেবক ও শিক্ষক মোজাম্মেল হক পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক, ইউপি সদস্য আনোয়ার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব ইমরান হোসেন সবুজ, সমাজ সেবক ডাঃ আবু হানিফা ও মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এই এলাকায় মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে তা পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা আরো বলেন, তরুণ প্রজন্ম মাদকের কবলে পড়ে বিপথগামী হচ্ছে, বাড়ছে অপরাধ ও পারিবারিক অশান্তি। এসময় তারা অভিযোগ করেন, অপরাধীরা বিভিন্ন সময় গ্রেপ্তার হলেও আবার ফিরে এসে তাদের অপরাধ অব্যাহত রেখেছে।
এসময় মানবন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও তরুণ সমাজ অংশগ্রহণ করেন।
