চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল গান পরিবেশন করছিল। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত ছিল। হঠাৎ এক পর্যায়ে দর্শকদের একাংশ ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এতে অপর এক পক্ষের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও ভাঙচুরে রূপ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, উত্তেজিত কিছু যুবক কনভেনশন সেন্টারের ফটক ভাঙার চেষ্টা করছেন, আর ভেতর থেকে কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শী মো. নাঈম বলেন, “একটি পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দেয়, অপর পক্ষ প্রতিবাদ করে। এরপরই দু’দল মুখোমুখি সংঘর্ষে জড়ায়। মুহূর্তেই ভাঙচুর আর গুলির শব্দে পুরো কনভেনশন সেন্টার অস্থির হয়ে ওঠে।”
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান জানান, “অনুষ্ঠানের জন্য মোটরসাইকেল কোম্পানির অনুমতি ছিল, কিন্তু কনসার্ট আয়োজনের অনুমতি ছিল না। প্রদর্শনী শেষে স্লোগান নিয়ে গোলমাল শুরু হলে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে।”
ওসি আরও জানান, কনসার্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের থানায় ডাকা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, রাতের এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।
