জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ ও বাস্তবায়নের উপর ভিত্তি করে গণভোট আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা কমিটি। আজ রোববার দুপুর ১২টার দিকে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে জেলা শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাসান মারুফের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারী মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াসসহ জেলা-উপজেলার নেতাকর্মীগন।
