চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমার নেতৃত্বে দিনব্যাপী গণসংযোগ ও প্রচার-প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
কলেজ রোড থেকে শুরু হওয়া এ গণসংযোগ মিরসরাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, গ্রাম ও মহল্লা পরিদর্শনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। কর্মসূচিতে সাগুফতা বুশরা মিশমা স্থানীয় জনগণ, দোকানদার, কৃষক, শ্রমজীবী মানুষ ও তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা শোনেন।
গণসংযোগ চলাকালে তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান, আমার বাড়ি এই মিরসরাইয়ে। আপনাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা আমি খুব কাছ থেকে জানি। আপনাদের সকল দুর্ভোগ নিরসনের জন্য আমি এবং আমার দল সর্বদা কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
কর্মসূচিতে এনসিপি নেতাকর্মীদের হাতে ছিল ‘নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার’ সংবলিত লিফলেট, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এ প্রসঙ্গে সাগুফতা বুশরা মিশমা আরও বলেন,
“আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের ইশতেহার নিয়ে এসেছি। এতে রয়েছে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, স্বচ্ছ প্রশাসন, কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিক-কৃষকসহ সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিক মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারবে। আসুন, সবাই মিলে ৭১ ও ২৪শের শহীদদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।”
দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার ঘটে। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সী জনগণের অনেকেই সাগুফতা বুশরা মিশমার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে এনসিপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দ।
