“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিনের শুরুতে সকাল ৯টায় নগরীর ইস্পাহানি মোড়স্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এরপর সকাল ৯টা ৩০ মিনিটে সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৯টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৩৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া মোটরসাইকেল চালকদের সড়ক নিরাপত্তায় উৎসাহিত করতে লাইসেন্সধারী ১৫ জন চালককে বিনামূল্যে মানসম্মত হেলমেট তুলে দেওয়া হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সর্বশেষ নগরীর জিইসি মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক রোড শো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিআরটিএ।
