ভালোবাসা হচ্ছে একটি আকাংখা, জীবনের একটা স্বপ্ন। ভালোবাসা মনের সুপ্ত বাসনা, হৃদয়ের অনুভূতি। পৃথিবীটা রহস্যময়, রহস্যময় মানুষের জীবন, তার চেয়েও রহস্যময় এই প্রকৃতি। প্রকৃতি মানুষের সঙ্গে অনেক ধরনের খেলা খেলে, প্রকৃতি আনন্দ পায় এই সব খেলায় আমাদের সঙ্গি করে আর আমরাও কারো না কারো প্রেমে হাবুডুবু খেয়ে বেড়াই! যত বড় সাধুই হোক না, তার ধ্যান ভাঙাতে একজন গোপিনি যথেষ্ট। ঐ গোপিনির কাছেই সকাম প্রেম পেরিয়ে নিষ্কাম প্রেমের দীক্ষা নিতে হয়। প্রেম ভালবাসার পিপাসায় সবাই সব সময় অতৃপ্তই থাকে। সব পেয়েও যেন কিছুই পেলাম না, এমন একটা অনুভূতি সব সময় প্রেমিক প্রেমিকাদের হৃদয়কে তাড়া করে ফিরে। বয়সের পার্থক্য সেখানে কোনদিনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।
ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। যে মানুষটিকে ভালোবাসবেন, তাকে যদি বুঝতেই না পারেন তাহলে প্রেম ভালোবাসার কোনো অর্থ আছে বলে মনে হয় না। মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে, মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয়, সেখানে হয়ত প্রেম থাকে না, থাকে সামাজিকতাকে রক্ষা। বিশ্বাস ভালবাসার মূলভিত্তি! যে ভালবাসায় বিশ্বাস নেই, সেই ভালবাসা কখনোই চিরস্হায়ী হবে না। ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি। স্বার্থসিদ্ধির জন্য কাউকে ভালোবাসা উচিৎ নয়। এটা হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া-পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই মনের গভীরতম সূক্ষ্ম অনুভূতি……….
