নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্পেইন আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পেইন চলেছে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। পুরো ক্যাম্পেইনজুড়ে শতাধিক নারী অংশগ্রহণ করেছেন এবং তারা বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ, বিশেষজ্ঞের পরামর্শ, ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা গ্রহণ করেছেন।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের ভিজিটিং সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ বলেন, “নারীরা নিয়মিত ব্রেস্ট সেলফ এক্সামিনেশন ও স্ক্রিনিং করলেই ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব। এতে চিকিৎসা সহজ হয় ও প্রাণহানি রোধ করা যায়। আমাদের এই উদ্যোগের লক্ষ্যই ছিল নারীদের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করা।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এভারকেয়ার হসপিটাল সবসময়ই নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও নারী স্বাস্থ্যসচেতনতা ও ক্যান্সার প্রতিরোধে আরও এমন উদ্যোগ নেওয়া হবে।
সমাপনী বক্তব্যে হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অংশগ্রহণকারী সকল নারী ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি করে এবং নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে উৎসাহিত করে। সুস্থ নারী মানেই সুস্থ পরিবার ও সুস্থ সমাজ।”
ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে নিয়মিত চেকআপ, সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণের গুরুত্ব পুনর্ব্যক্ত করে আজকের ক্যাম্পেইনের পর্দা নামে।
