বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘আমি আবার কখনো নির্বাচন করতে পারব ভাবি নাই।’
বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোনার সদরের চল্লিশায় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবিনি। এজন্য মহান আল্লাহতালার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটিবাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছে।
তিনি হলেন, মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এই জন্য আমার নেত্রকোনা বাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে। এবং আমার নির্বাচনী এলাকা নেত্রকোনার ৪ মদন, মোহনগঞ্জ খালিয়াজুরির ভাটি বাংলার মানুষ আমার জন্য রোজা রেখেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে। তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
এদিকে আগামীতেও হাওর পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, পূর্বে আল্লার ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কি হবে তাও মহান আল্লাহতালা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।
