আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে বিশাল গণমিছিল করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজানের উদ্দেশ্যে যাত্রা করে।
এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় ফুলবাড়ীয়ার রাজপথ। মিছিলের দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এর আগে ফুলবাড়ীয়া কলেজ মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী সমর্থকদের মিছিল আগমন করলে জন উপস্থিতিতে বিশাল জনসভায় পরিনত হয় কলেজ মাঠ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, আগামী দিনে ফুলবাড়ীয়ার মানুষকে সাথে নিয়ে উন্নত ও সমৃদ্ধ উপজেলা গঠন করা হবে। বলেন, দাঁড়িপাল্লার বিজয়ে সকল ষড়যন্ত্র ভেসে যাবে। তিনি বলেন, দাঁড়িপাল্লার বিজয় হলে বিজয়ী হবে জনগণ। এ বিজয় হবে আধিপত্যবাদ, চাঁদাবাজ ও সম্পদ লুঠেরাদের বিরুদ্ধে জনগণের বিজয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, সূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রউফ রাব্বানী, আব্দুল মজিদ, পৌর আমীর আব্দুল খালেক, জামায়াত নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এইচ এম জোবায়ের, উপজেলা সভাপতি মানিক হাসান সহ দলটির সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা ও সমর্থকবৃন্দরা।
বক্তব্যে কামরুল হাসান মিলন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতা নিয়ে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। এসময় তিনি যথা সময়ে জাতীয় নির্বাচন দাবী করে এর আগে গণভোট কার্যকরের আহ্বান জানান।
